কাদেরের বিদায় নিশ্চিত, শেখ সেলিমকে ঘিরে তৃণমূলে ক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে নেতৃত্বের টানাপোড়েন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কার্যত চরম নেতৃত্বশূন্যতায় ভুগছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার দেশত্যাগ, দলের শীর্ষ নেতাদের আত্মগোপন ও কারাবরণের পর এবার দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ভেতরে-বাইরে শুরু হয়েছে নতুন হিসাবনিকাশ।
সাধারণ সম্পাদক পদ থেকে ওবায়দুল কাদেরের সরে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত। অন্যদিকে, শেখ হাসিনার অনুপস্থিতিতে প্রবীণ নেতা শেখ ফজলুল করিম সেলিমকে দলের হাল ধরার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা নিয়ে খোদ দলের ভেতরেই তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
ওবায়দুল কাদেরের বিদায় ও নতুন সাধারণ সম্পাদকের খোঁজ
জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, সাংগঠনিক ব্যর্থতা এবং দলকে গভীর সংকটে ফেলার দায়ে ওবায়দুল কাদেরকে আর সাধারণ সম্পাদকের দায়িত্বে রাখা হচ্ছে না বলে দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘নতুন সময়ের জন্য নতুন মানুষ এবং নতুন ধারণা প্রয়োজন। আমাদের উচিত নতুন প্রজন্মের কাছে বাটন তুলে দেওয়া।’ এই বার্তার পরই তার বিদায়ের বিষয়টি আরও স্পষ্ট হয়।
তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দলের ভেতর ত্রিমুখী মতাদর্শ তৈরি হয়েছে। দলের একাংশ চাইছেন বিদেশে অবস্থান করলেও সাংগঠনিকভাবে সক্রিয় কাউকে দায়িত্ব দেওয়া হোক। এই তালিকায় প্রথম সারিতে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নামও আলোচনায় রয়েছে।
দলের দেশের ভেতরে থাকা একটি বড় অংশের দাবি, বিদেশে নিরাপদে থাকা কাউকে দায়িত্ব দিলে তৃণমূলের হতাশা বাড়বে। বরং কারাগারে থাকা কাউকে দায়িত্ব দিলে মাঠপর্যায়ের কর্মীরা মানসিকভাবে স্বস্তি পাবেন। এক্ষেত্রে যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের নাম পছন্দের তালিকায় রয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শেখ সেলিম দায়িত্ব পেলে সাধারণ সম্পাদক পদে চমক হিসেবে তরুণ কাউকে আনার আলোচনা রয়েছে। এক্ষেত্রে সাবেক ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নাম শোনা যাচ্ছে।
‘পরিশুদ্ধ আওয়ামী লীগ’ গঠন ও সন্দেহ
দলের একটি অংশ ‘পরিশুদ্ধ আওয়ামী লীগ’ গঠনের লক্ষ্যে ক্লিন ইমেজের নেতাদের সামনে আনার প্রস্তাব করেছিল। একসময় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তানজীম আহমদ সোহেল তাজ এবং ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে আলোচনা হলেও বর্তমানে সেই চিত্র বদলেছে।
সোহেল তাজ ছাড়া বাকিরা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হওয়ার পর বিদেশে অবস্থানরত নেতাদের অনেকেই তাদের সন্দেহের চোখে দেখছেন। তাদের বিরুদ্ধে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির সঙ্গে আঁতাত করার অভিযোগ তোলা হয়েছে।

শেখ সেলিমকে ঘিরে ক্ষোভ ও পরিবারতন্ত্রের অভিযোগ
সম্প্রতি ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে কারাবরণ করলে বা তার অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য হিসেবে শেখ ফজলুল করিম সেলিম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
এই বার্তার পর দলের মধ্যমসারির নেতা, সাবেক ছাত্রনেতা ও অপেক্ষাকৃত তরুণ অংশের মাঝে তীব্র বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, গত ১৫ বছরে দলের আদর্শ থেকে মানুষকে বিচ্ছিন্ন করার পেছনে যে সিন্ডিকেট কাজ করেছে, শেখ সেলিম তার অন্যতম শীর্ষ সুবিধাভোগী।
৫ আগস্টের পর লাখ লাখ কর্মী যখন মামলা-হামলার শিকার, তখন নিরাপদে থাকা বা অন্তরালে থাকা একজন বিতর্কিত নেতার হাতে দলের দায়িত্ব তুলে দেওয়াকে কর্মীরা ‘আত্মঘাতী’ মনে করছেন। সভাপতিমণ্ডলীর অনেক অভিজ্ঞ নেতা মনে করছেন, পরিবারতন্ত্রের কারণে শেখ সেলিমকে সামনে আনলে তাদের রাজনৈতিক ত্যাগের অবমূল্যায়ন হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সভাপতিমণ্ডলীর এক সদস্য হতাশা প্রকাশ করে বলেন, ‘রাজনীতি করে আর লাভ কী। দিনশেষে পরিবারই আসল।’
আওয়ামী লীগের মূল নেতৃত্ব বর্তমানে ভারতসহ পশ্চিমা দেশগুলোতে অবস্থান করছেন, অন্যদিকে তৃণমূল ও মধ্যমসারির নেতারা দেশের ভেতরে অস্তিত্ব সংকটে আত্মগোপনে আছেন। জেলা পর্যায়ের একাধিক নেতা সতর্ক করে বলেছেন, রক্ত-ঘাম দেওয়া কর্মীরা আজ নিঃস্ব। এর মধ্যে শেখ সেলিমের মতো জনবিচ্ছিন্ন ও বিতর্কিত কাউকে চাপিয়ে দেওয়া হলে দলের ঘুরে দাঁড়ানোর বা রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগই অবশিষ্ট থাকবে না।
সব মিলিয়ে, অস্তিত্ব টিকিয়ে রাখার এই কঠিন সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠন প্রক্রিয়া দলটিকে ঐক্যবদ্ধ করবে, নাকি আরও খাদের কিনারে ঠেলে দেবে— তা সময়ই বলে দেবে।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ০৮ সেপ্টেম্বর ২০২৬



