দেশে করোনায় একদিনে আরও ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৪১

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪১ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২২ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪৬ জন। ফলে মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৯২৫ জন।
মঙ্গলবার (২৬ মে) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, যে ২২ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন, বাসায় মারা গেছেন ১ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে শূণ্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
এলাকাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে ডা. সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকা ডিভিশনে ১০ জন, চট্টগ্রাম ডিভিশনে ১০ জন ও সিলেট ডিভিশনে ২ রয়েছেন।
জেলাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকা সিটিতে ৫ জন, ঢাকা জেলায় ৩ জন, মুন্সীগঞ্জে ১ জন, নরসিংদীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ৩ জন, কুমিল্লায় ২ জন, কক্সবাজারে ১ জন, চাঁদপুরে ২ জন, সিলেটে ১ জন এবং মৌলভীবাজারে ১ জন।



