সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে। বিরোধীদলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকা একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য সরকার তাদের সন্ত্রাসী বাহিনী ও সরকারি যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রহীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।’
আগামী ৩০ জানুয়ারি লাকসাম পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বেপরোয়া হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘লাকসাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী বেলাল রহমান মজুমদার, কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা শাহ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসীদের নিষ্ঠুর হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দূরের কথা, বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বিনা ভোটে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে চায় সরাকর।’
‘তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। নইলে এদেশ থেকে দুর্দিন কখনও দূরীভূত হবে না।’



