বাংলাদেশ

২ লাখ ৯৪ হাজার টাকার ব্যাগ নিয়ে চম্পট অটোরিকশা চালক; সিসি টিভির ফুটেজ দেখে আটক

সিসিটিভির ফুটেজ দেখে ২ লাখ ৯৪ হাজার টাকার ব্যাগ নিয়ে পালানো ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

আটক অটোরিকশা চালকের নাম আনোয়ার হোসেন (৩২)। বাড়ি মহানগরের রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া রেললাইন এলাকায়।

মহানগরের ডিঙ্গাডোবা এলাকা থেকে সোমবার (৩১ মে) সকালে আনোয়ারকে আটক করে পুলিশ। পরে তার বাড়ি থেকে ২ লাখ ৯৪ হাজার টাকার সেই ব্যাগ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। তিনি জানান, রোববার (৩০ মে) সকালে মোক্তাদির আহমেদ (৪৯) নামে এক ব্যক্তি আনোয়ারের অটোরিকশায় ওঠেন। মুক্তাদিরের কাছে থাকা ব্যাগে ওই সময় নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ভদ্রা মোড়ে গিয়ে মোক্তাদির বাসের টিকিট কাউন্টারে যান। আর এ সুযোগে অটোরিকশা নিয়ে পালিয়ে যান আনোয়ার। এ ঘটনায় মুক্তাদির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিট শহরে লাগানো পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে।এর মাধ্যমেই আনোয়ারকে শনাক্ত করা যায়। আনোয়ার শুরুতে ঘটনা অস্বীকার করলেও সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর পর অপরাধ স্বীকার করে।

আটক আনোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।

Related Articles

Leave a Reply

Back to top button