স্ত্রীর করা মামলায় সাংবাদিক প্লাবনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রুণ হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের দায়ের করা মামলায় আরেক সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার অভিযোগপত্র গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
এর আগে, গত ২২ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতিরঝিল থানার পুলিশ উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ আদালতে প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অপর আসামিরা হলেন- প্লাবনের বড় ভাই এম এ আজিজ, ছোট ভাই এস এম নিজাম, বাবা সামছুল হক ও মা রিজিয়া খাতুন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয় সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। এছাড়া একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক থাকার কথা জানতে পারেন পারুল। এসব অনৈতিক সম্পর্কে বাধা ও যৌতুক না দেওয়ায় তাকে নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ওই ঘটনায় গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রী সাংবাদিক সাজিদা ইসলাম পারুল।
মামলার বাদী সাংবাদিক পারুল বলেন, আমি চাই প্লাবনকে যেন দ্রুত গ্রেফতার করা হয় । এবং আইনের আওতায় এনে তাকে উপযুক্ত সাজা প্রদান করা হয়। সরকারের কাছে আমার প্রত্যাশা আমার সঙ্গে হওয়া অন্যায়ের সঠিক বিচার আমি পাবো।



