বিশ্ব

সুইডেনে এক লাখ কপি কোরআন বিতরণ করবে কুয়েত

সুইডেনে পবিত্র কোরআনের এক লাখ কপি বিতরণের ঘোষণা দিয়েছে কুয়েত। মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, নীতি, সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থান প্রসারের লক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা কেএনএ।
গত সোমবার (১০ জুলাই) দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে কোরআনের সুইডিশ  ভাষায় অনুবাদ ছাপানোর নির্দেশ  দেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডও  সুইডেনে পবিত্র কোরআনের কপি বিতরণে কুয়েতের ঘোষণার কথা জানিয়েছে ।
কোরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি বিষয়টি নিশ্চিত করে বলেন, সুইডিশ ভাষায় কোরআনের অনুবাদ ছাপিয়ে তা বিতরণের কার্যক্রম চলছে।
তিনি বলেন, কুয়েতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।
ড. ফাহাদ আল-দাইহানি আরো জানান, ইসলাম ধর্মের সহনশীল ভাবনা, ইসলামী মূল্যবোধ, ইতিবাচক মনোভাবের প্রসার এবং পারস্পরিক সহাবস্থানের ওপর জোর দিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। তা ছাড়া সবার মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেয়া এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। মুসলিম দেশগুলোর তীব্র নিন্দার মুখে ঘটনার চার দিন পর সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইসলামবিদ্বেষ’ আখ্যায়িত করে এর নিন্দা জানায়।

Related Articles

Leave a Reply

Back to top button