ভূরাজনীতি
সিলেটে বন্যার্তদের পাশে যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিলেট বন্যার্তদের পাশে যাচ্ছেন ।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান বলেন, আগামীকাল ২৩ জুন বৃহস্পতিবার সিলেট গিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন বিএনপি মহাসচিব। পরে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।সিলেট জেলার জৈন্তাপুর ও মহানগরের ১০ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির শীর্ষ এই দুই নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যেই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের সকল বন্যাকবলিত মানুষে পাশে থেকে কাজ করছেন বলেও জানান শায়রুল কবির খান।
এদিকে বন্যার্ত মানুষের জন্য ত্রাণের অর্থ সংগ্রহ করতে সাধারণ জনগণের সহযোগিতা নেবে বিএনপি। বৃহস্পতিবার ২৩ জুন থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে তারা।
গত মঙ্গলবার (২১জুন) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তের কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।



