ফলোআপ

সিনহা মামলার রায়ের পর আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার পরে আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে আদালতে রায় শোনার জন্য উপস্থিত হওয়া উৎসুক জনতা কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করেন। একই সময়ে আসামিদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতেও দেখা যায় উপস্থিত বিক্ষুব্ধ জনতাকে।

বহুল আলোচিত এই হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক-এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা, স্থানীয় বাসিন্দা বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মো. নিজাম উদ্দিন ও মোহাম্মদ আইয়াজকে।

খালাস পেয়েছেন সহকারী উপপরিদর্শক-এএসআই মো. লিটন মিয়া, কনস্টেবল ছাফানুর করিম, মো. কামাল হোসাইন আজাদ, মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব হোসেন ও আবদুল্লাহ আল মাহমুদ।

এর আগে আজ দুপুর ২টায় কড়া পুলিশি নিরাপত্তায় সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা হয়।

এ রায়কে ঘিরে সকাল থেকে কক্সবাজার জেলা আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button