সাবেক এমপি মজিবর রহমান সেন্টু আর নেই

হৃদরোগে আক্রান্ত হয়ে নাটোরের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা পরিষদ চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সেন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে শহরের কান্দিভিটায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭০ বছর। রাত ৮টার দিকে স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (সাবেক কাচারি মাঠ) জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ দেওয়া শেষে গাড়িখানা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের নিকটাত্মীয় ও নাটোর সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. আবুল কালাম আজাদ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
মজিবুর রহমান সেন্টু ছাত্রলীগের সক্রিয় নেতা থাকাবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। ১৯৮৪ সালে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন। এরপর তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।


