স্পোর্টেইনমেন্ট

সাকিবের আইপিএল খেলার অনুমতি পুনর্বিবেচনা করবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ থেকে শুরু করে বোর্ডের নানান কাজের বিষয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাকিব আল হাসান। আর ফলে ক্রিকেট অঙ্গনে বেশ উত্তালও। যার ঢেউ আছড়ে পড়েছে সাকিবের আইপিএল খেলার অনুমতি বিষয়ে।

শনিবার রাতে সাকিব আল হাসানের এক ফেসবুক লাইভের বক্তব্যকে ঘিরেই চলেছে নানান আলোচনা। দারাজের ব্যবস্থাপনায় ক্রিকফ্রেঞ্জির লাইভে সাকিব বলেছেন, ‘আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, কোথাও বলিনি টেস্ট খেলতে চাই না। মানুষ যে, বারবার বলছে যে টেস্ট খেলতে চাই না। এটা সঠিক না। আমি বলেছি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়ে আমি আইপিএল খেলতে চাই, (শ্রীলঙ্কা সফরে) ওয়ানডে থাকলেও খেলতাম।

রবিবার সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতে এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বললেন বোর্ডের দুই পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়।

সাকিব তার লাইভে সরাসরি অভিযোগের তীর ছুড়েছিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের দিকে। শ্রীলঙ্কা সফরের সময় আইপিএল খেলতে চেয়ে ছুটি নেয়ার বিষয়ে যে চিঠি দিয়েছেন, সেটি আকরাম পড়েননি বলেও মন্তব্য করেছেন সাকিব। যে কারণে বারবার সাকিবের টেস্ট খেলতে অনীহা জানিয়ে মন্তব্য করেছেন আকরাম- এমনটাই বলেছেন সাকিব।

এ বিষয়ে রবিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকের পর আকরাম জানিয়েছেন, সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র (এনওসি- নো অবজেকশন সার্টিফিকেট) দেয়ার ব্যাপারে নতুন করে ভাববে বিসিবি। সাকিব টেস্ট খেলতে চাইলে তাকে শ্রীলঙ্কা নেয়া হবে বলে বলে জানান আকরাম।

এক প্রশ্নের জবাবে আকরাম বলেছেন বোর্ড সভাপতির বাসায় বৈঠকটি সাকিব ইস্যুতে ছিল না। তবে এ বিষয়ে তিনি কথাও বলেছেন ঠিকই। আকরামের ভাষ্য, ‘আজকে আমাদের মূলত মিটিং ছিল জাতীয় দলের ব্যাপারে। দল এখন নিউজিল্যান্ডে। এসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। এটাও চিন্তা করেছি যাতে আমাদের এটা কোনো প্রভাব না ফেলে দলের ওপর।’

এছাড়া বাকি বিষয়ে পরে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন ক্রিকেট অপারেশনস প্রধান।

Related Articles

Leave a Reply

Back to top button