সচিবের অসুস্থ মায়ের সেবায় কোনো চিঠি ইস্যু করেনি মন্ত্রণালয়
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি।
মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ঢাকার বাইরে থাকায় আমি গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, আমাদের মন্ত্রণালয়ের সচিবের মায়ের চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয়ের সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে যেসব চিঠি ইস্যু করা হয় তার একটা দাপ্তরিক তারিখ থাকে এবং কর্মকর্তার সই থাকে। মন্ত্রণালয় থেকে খোঁজ নিয়ে দেখেছি মন্ত্রণালয় থেকে এ ধরনের কাউকে দায়িত্ব দিয়ে কোনো নির্দেশনা জারি করা হয়নি।
প্রসঙ্গত, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা করোনা আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের করোনা ইউনিটে ভর্তি আছেন। গণমাধ্যমে খবর প্রকাশ পায়, সচিবের মায়ের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে হাসপাতালে ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।



