অন্য খবর

শ্রদ্ধা আর ভালোবাসায় প্রথম মৃত্যুবার্ষিকীতে হাসান আরিফকে স্মরণ

বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফের প্রথম মৃত্যুবার্ষিকীতে, শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করলো সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মানবিকতা-মাতৃভূমি-মুক্তিযুদ্ধ-মাতৃভাষা যাঁর শিল্পচেতনার উৎস হাসান আরিফ। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার (১ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এতে সভাপতিত্ব করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সহ-সাধারণ সম্পাদক আহমেদ গিয়াসের সঞ্চালনায় আলোচনা করেন আবৃত্তি শিল্পী গোলাম সারওয়ার, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, আবৃত্তি শিল্পী আজহারুল হক আজাদ, আখতারুজ্জামান, গণসঙ্গীত শিল্পী মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম, সাংবাদিক মীর মাসরুর জামান রনি, আবৃত্তি শিল্পী মাসুদুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক মানজারুল ইসলাম সুইট।

বক্তারা বলেন, ‘আবৃত্তি শিল্পী, নির্দেশক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে হাসান আরিফ অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি যেমন উঁচু মানের আবৃত্তি শিল্পী ছিলেন তেমন‌ই সুদক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে নিজের জীবনকে নিবেদন করে গেছেন। সেই ধারায় নিরলস কাজ করার মাধ্যমেই তার প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।’

ক্ষণজন্মা আবৃত্তিজন ও সাংস্কৃতিক সংগঠক হাসান আরিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

হাসান আরিফ করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০২২ সালের ১ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

১৯৬৫ সালের ৮ ডিসেম্বর কুমিল্লার সাহেব বাড়ি নানার বাড়িতে জন্ম। মা রওশন আরা। বাবা আবুল ফজল মো. মফিজুল হক।

১৯৮৩ সালে দেশের প্রথম দিকের আবৃত্তি সংগঠন স্বরিত আবৃত্তি চক্রের সাথে যুক্ত হন তিনি। এর মধ্য দিয়ে তাঁর সংগঠনভিত্তিক আবৃত্তি চর্চার শুরু। আটের দশকেই আবৃত্তিশিল্পে গুণী শিল্পী ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠা পান হাসান আরিফ। রাজধানী এবং ঢাকার বাইরের মঞ্চ ও গণমাধ্যমে তাঁর নিয়মিত পরিবেশনা মুগ্ধ করে মানুষকে। নিজের এবং অন্য সংগঠনগুলোর আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি একক আবৃত্তি অনুষ্ঠানও করেন হাসান আরিফ। ভারতের পশ্চিমবঙ্গসহ দেশের বাইরে বিভিন্ন মঞ্চে তাঁর উল্লেখযোগ্য আবৃত্তি পরিবেশনা রয়েছে। কিছু যৌথ ও একক অ্যালবামে তাঁর আবৃত্তি সারাদেশ এবং দেশের বাইরের মানুষের কাছে পৌঁছে যায়। ডিজিটাল যোগাযোগের দ্রুত বিকাশের এই সময়ে ফেসবুক-ইউটিউবসহ অনলাইন মাধ্যমেও তাঁর অনেক আবৃত্তি রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button