বিশ্ব
শুরু হলো রাশিয়ার ভ্যাকসিন উত্পাদন

নিউজ নাউ বাংলা ডেস্কঃ অবশেষে রাশিয়া শুরু করেছে বিশ্বে প্রথম নিবন্ধিত করোনা ভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র গণ উত্পাদন। শনিবার (১৫ আগস্ট) এ ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, উত্পাদন শুরুর দুই সপ্তাহের মধ্যে মানে এ মাসের শেষ নাগাদ ভ্যাকসিনটি গণহারে প্রয়োগ শুরু করা যাবে।
গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ঘোষণার পরই ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। রাশিয়ারও অনেকে ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।
রাশিয়ার সংবাদমাধ্যমে জানানো হয়েছে, স্নায়ুযুদ্ধ যুগে মহাকাশ জয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এর নামে রাশিয়া নিজেদের কোভিড-১৯ ভ্যাকসিনের নাম রেখেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই টিকা ইতোমধ্যে তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে।



