শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদ ও সাম্প্রতিক ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।
আগামী সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহম্মদ মামুনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ কথা জানানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন করা হবে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার শাল্লা উপজেলার একটি হিন্দু অধ্যুষিত গ্রামে কয়েক হাজার মানুষ হামলা চালিয়ে ৮৮টি বাড়িঘর এবং ৭/৮টি পারিবারিক মন্দির ভাংচুর করে এবং ব্যাপক লুটপাট চালায়। হামলার পরদিন দুটি মামলা হয় শাল্লা থানায় যার মধ্যে একটিতে প্রধান আসামী হিসেবে নাম এসেছে শহীদুল ইসলাম স্বাধীন নামের এক ইউপি সদস্যের। ওই ব্যক্তিকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে পুলিশ।



