মির্জা ফখরুল দেশে নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছেন: কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করছে বিএনপি। মির্জা ফখরুল চিরায়ত ভঙ্গিতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। দেশে নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছেন।
মানুষের ঘরে ঘরে যখন ঈদের অনাবিল আনন্দ ঠিক তখন মির্জা ফখরুলের নির্লজ্জ মিথ্যাচার ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।
রোববার (২৩ এপ্রিল) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ইদুল ফিতর উদযাপন করছে। শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষের এই ঈদ উদযাপন মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়। মানুষ যে আবেগ-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে তা সবসময়ই বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুলের এই নেতিবাচক বক্তব্য তাদের সেই চিরাচরিত গাত্রদাহের প্রতিফলন।



