বিশ্ব

শপথ নিলেন কুয়েতের নতুন আমির

কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন যুবরাজ শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ।

দেশটির আমির শেখ সাবাহ (৯১) মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যান। কুয়েতের এই আমির নানামুখী সঙ্কটে জর্জরিত মধ্যপ্রাচ্যে ছিলেন অন্যতম মধ্যস্থতাকারী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর টানাপড়েন ও সংঘাতে মধ্যস্থতায় প্রায়ই এগিয়ে আসতেন তিনি।

কুয়েতের এই আমিরের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের কূটনীতি ও রাজনীতির রক্ষক এবং মানবিকতার উজ্জ্বল নক্ষত্র হিসেবে মনে করা হতো শেখ সাবাহকে।

শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে মারা যাওয়ার পরপরই মার্কিন অন্যতম মিত্র ও ওপেকের শীর্ষ তেল উৎপাদনকারী কুয়েতের মন্ত্রিসভা তাৎক্ষণিকভাবে উত্তরসূরী হিসেবে যুবরাজ প্রিন্স শেখ নওয়াফ আল-আহমদ আল-সাবাহকে নতুন আমির হিসেবে মনোনীত করে।

গত জুলাই থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন শেখ সাবাহ। বুধবার যুক্তরাষ্ট্র থেকে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে কুয়েতের প্রয়াত এই আমিরের জানাজা ও দাফন অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০০৬ সালে দেশটির আমির শেখ জাবের আল-আহম আল-সাবাহ মারা যাওয়ার পর হাজার হাজার কুয়েতি ও প্রবাসী তার শেষকৃত্যে অংশ নিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে এবার সেই সুযোগ থাকছে না।

Related Articles

Leave a Reply

Back to top button