বিশ্ব
১২৫ বাংলাদেশি যাত্রীকে ফিরিয়ে দিল ইতালি

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ১২৫ বাংলাদেশিকে নামতে দেয়নি ইতালি । ওই বিমানেই ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে যাত্রীদের।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফিউমিসিনো বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করে। খবর ইতালির জাতীয় দৈনিক ইল মেসসাজ্জেরোর অনলাইন।
মঙ্গলবার বাংলাদেশ ফেরত যাত্রীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কাতার থেকে যাওয়া ফ্লাইট বন্ধ করেনি ইতালি। সেক্ষেত্রে দোহা থেকে যাওয়া ফ্লাইটটির বাংলাদেশি যাত্রীদের প্রবেশে বাধা থাকার কথা নয়।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই ১২৫ বাংলাদেশি ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এমনকি তাদের বিমান থেকেও নামতে দেয়া হবে না। কেবলমাত্র জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজন এমন যাত্রীরা নামতে পারবেন।
পরবর্তীতে ওই বিমানেই স্থানীয় সময় বিকালে তাদের ফেরত পাঠানো হবে।



