অন্য খবর

নায়ক জায়েদ খানের প্রার্থীতা বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করলেন সোহানুর রহমান সোহান।

প্রার্থীতা বাতিল করার কারণ হিসেবে ভোট কেনাসহ নানা অভিযোগের কথা জানিয়েছে আপিল বোর্ড। এর প্রেক্ষিতে আপিল বোর্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে বিজয়ী ঘোষণা করেছে।

শনিবার বিকাল পাঁচটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতো দুই সাধারণ সম্পাদককে নিয়ে সভা আহ্বান করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড।

এই সভায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই ঘোষণা দেন।

গেল ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপূণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।

আজ শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপূণ অংশ নিলেও জায়েদ অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা ছিল। ছিল জায়েদ খানের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ।

মিশা সওদাগর-জায়েদ খানের আগের কমিটির আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা আজ দুপুর ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন। তাঁরা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে আল্পনা এঁকে তাঁদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করছেন। ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ স্লোগানে মিছিল বের করেন তাঁরা। জায়েদের পদত্যাগের দাবিও করা হয় মিছিল থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button