ভূরাজনীতি

ঠুনকো ইস্যুতে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি: কাদের

জুতসই কোনও ইস্যু খুঁজে না পেয়ে ‘ঠুনকো ইস্যু নিয়ে’ বিএনপি মাঠ গরমের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের রঙ-রূপ এদেশের মানুষের অজানা নয়।’

শুক্রবার (১২ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে বিএনপির সাম্প্রতিক নানা কর্মসূচি প্রসঙ্গে এসব মন্তব্য করেন।

বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘তিনি বলেছিলেন “পাগল এবং শিশুছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর“।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না। নির্বাচনে জনরায় মেনে নেয়ার সৎসাহস শেখ হাসিনার আছে। বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের মৌসুমি হাঁকডাক নেতাদের ওপর কর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমনের চেষ্টা মাত্র।’

‘ক্ষমতা টিকিয়ে রাখতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও আইনের বলে নয়, শেখ হাসিনা সরকার টিকে আছে জনমানুষের আস্থা ও ভালেবাসায়। ক্ষমতা দেয়ার মালিক সৃষ্টিকর্তা আর দেশের জনগণ। সরকার যে কোনও আইন প্রণয়ন করে জনস্বার্থে। বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল সিকিউরিটির আইনগত কাঠামো রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা মানে অন্যের অধিকার হরণ নয়। খেয়াল-খুশি মতো লেখা বা বলা নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বলা বা লেখার ক্ষেত্রে সত্যতা এবং বস্তনিষ্ঠতা থাকলে আইন কোনও বাধা নয়। তারপরও আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেজন্য শেখ হাসিনা সরকার ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Back to top button