বিশ্ব

রাশিয়াকে যুদ্ধে নামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, তার দেশকে ইউক্রেনে একটি যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সেনা মোতায়েন নিয়ে চলমান ইউক্রেন সংকট নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম কোনো মন্তব্য করছেন রাশিয়ার প্রেসিডেন্ট । আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুতিন বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে একটি সংঘাতকে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য। পাশাপাশি ইউরোপে ন্যাটো জোটের বাহিনী নিয়ে মস্কোর উদ্বেগকে যুক্তরাষ্ট্র উপেক্ষা করছে।

মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আলোচনার পর পুতিন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন নয়…রাশিয়ার উন্নয়নকে আটকে রাখাই তার প্রধান কাজ। সেই অর্থে ইউক্রেন হলো এই লক্ষ্যে পৌঁছানোর একটি হাতিয়ার।’

ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করে একধরনের উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্যাংক, আর্টিলারি, গোলাবারুদ, যুদ্ধবিমানসহ সমরসজ্জায় সজ্জিত প্রায় এক লাখ সেনা ইউক্রেন সীমান্তের কাছে জড়ো করেছে।

কিয়েভসহ পশ্চিমাদের অভিযোগ, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে ক্রেমলিন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button