
মার্কিন সাময়িকী ফোর্বস, সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে। আর এ তালিকায় আবারও নাম এসেছে বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের।
বুধবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী ৪২ নম্বর অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের মুহাম্মদ আজিজ খান। এতে বলা হয়, আজিজ খানের মোট সম্পদ রয়েছে ১০০ কোটি ডলার বা প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানি সামিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ফোর্বসের হিসাবে এবারই প্রথম আজিজ খান সিঙ্গাপুরের বিলিয়নিয়র ব্যক্তিদের ক্লাবে ঢুকলেন। গত বছর তথা ২০২১ সালে তার সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের পর থেকে তার সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। তাতেই তিনি এ বছর বিলিয়ন ডলারের ধনীর ক্লাবে স্থান করে নিয়েছেন।
ফোর্বসের ওয়েবসাইটে আরো বলা হয়, জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দেন। ফলে ২০১৯ সালে তাঁর সম্পদের পরিমাণ কমে নেমে আসে ৮৫ কোটি ডলারে। এর পর থেকে আবার তার সম্পদের পরিমাণ বাড়তে শুরু করে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা।
সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত এ কারণে বাংলাদেশে ব্যবসা করলেও সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত, তাই এটির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে।
ফোর্বসের তথ্য অনুযায়ী বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথম স্থান পান ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪ নম্বরে ছিলেন।



