বিশ্ব

মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সান ডিয়াগো নৌবাহিনীর ঘাঁটিতে একটি যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন আহত হয়েছেন বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী বলেছে, “আহত ১৭ জন নাবিক ও চার জন বেসামরিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের জখমে প্রাণ সংশয়ের হুমকি নেই।”

সান ডিয়াগো ফায়ার-রেসক্যু বিভাগ তাদের প্রতিবেদনে জানায়, রবিবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে একটি বিস্ফোরণও ঘটে। পরে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ কমে আসতে শুরু করে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

জ্বলন্ত জাহাজটির কাছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী দুটি ডেস্ট্রয়ার, ইউএসএস ফিটজেরাল্ড ও ইউএসএস রাসেল, নোঙর করা ছিল। যদিও এই দুটি যুদ্ধজাহাজকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

রবিবার সকালে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিশিয়া কোয়েজবার্গার মার্কিন সংবাদমাধ্যম সিনএএনকে জানিয়েছেন, যুদ্ধজাহাজ ইউএসএস বনহোম রিচার্ডের নাবিকরা আগুনে ‘সামান্য আহত’ হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল ফিলিপ সোবেক সাংবাদিকদের জানান, আহত সৈন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিনে বিকালেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ন্যাভাল সার্ফেস ফোর্সেস এক টুইটে জানায়, সব ক্রু যুদ্ধজাহাজটি থেকে নেমে গেছেন এবং কেউ নিখোঁজ নেই। জাহাজটিতে প্রায় ১৬০ জনের মতো লোক ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button