বাংলাদেশ

মর্টারশেলের বিষয়ে মিয়ানমারকে সতর্ক করা হবে: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ার ঘটনাটি খতিয়ে দেখা হবে।

আজ রোববার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে। এর আগে সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম।

রোববার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেল দুটি এসে পড়ে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সুপার তারিকুল সাংবাদিকদের এ বিষয়ে বলেন, মিয়ানমারের দুটি মর্টার শেল জিরো লাইন থেকে বাংলাদেশের আধা কিলোমিটার অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুমব্রু সীমান্তে এসে পড়ে। এর মধ্যে একটি উত্তরপাড়া জামে মসজিদের পাশে, অপরটি ওই মসজিদ থেকে ২০০ গজ দূরে এসে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সীমান্তে বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, মর্টার শেলগুলো আমাদের দিকে টার্গেট করে ছোড়া হয়নি বলে ধারণা করা হচ্ছে। এটি খুব সম্ভব মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে কোনো বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলির কারণে আমাদের সীমান্তে এসে পড়তে পারে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গত দুই সপ্তাহ ধরে ওপারে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি, রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টারশেলগুলো পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে আছেন।

এদিকে রাখাইনে উত্তেজনার কারণে ঘুমধুমের দক্ষিণ কোনাপাড়া সীমান্তের শূন্যরেখায় বাস করা ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ রোহিঙ্গাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button