বাংলাদেশ

ভাড়া সমন্বয়ে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বিআরটিএ

নতুন ভাড়া সমন্বয় করতে বৈঠকে বসেছেন পরিবহন নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (৬ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, সচিব এ টি এম কামরুল ইসলাম তাং, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ ২৯ পয়সা এবং লঞ্চ ভাড়া ৪২ পয়সা বাড়তে পারে বলে ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূরপাল্লার বাসে বর্তমানে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম বাড়ানোয় ২৯ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকার মতো। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ।

শহর এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের ভাড়া এখন ২ টাকা ১৫ পয়সা। এটি ২৮ পয়সা বেড়ে ২ টাকা ৪৩ পয়সার মতো হবে। অর্থাৎ প্রতি কিলোমিটারে বাড়বে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১৯ পয়সা। ৪২ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।

Related Articles

Leave a Reply

Back to top button