ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
আজ রোববার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ভারতের মাধ্যমে রাশিয়ার তেল ক্রয়ের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় কোনো দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা এ মুহূর্তে নেই।
তিনি বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। এ ছাড়া ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। তবে রাশিয়ার তেল নয়, আমরা ভারতের তেল নিতে পারি।
তিনি আরও জানান, আসন্ন প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে এনার্জি কো-অপারেশনের ব্যাপারে অনেক কিছু আলোচনা হতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫-৮ সেপ্টেম্বর ভারতে এক রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



