বিশ্ব
হামাস দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিলো

হামাস দুই জিম্মিকে মুক্তি দিয়েছে। তারা হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছ দ্য টাইমস অব ইসরায়েল ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে।
ওই বিবৃতিতে বলা হয়, দুই মার্কিন জিম্মি মা জুডিথ রানান এবং মেয়ে নাটালি সন্ত্রাসী সংগঠন হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন। তারা গাজার নিকটবর্তী দক্ষিণ ইসরাইলের নাহাল ওজ কিবুতজ নামক এলাকায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলার সময় তাদের অপহরণ করে হামাস।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রথম ২০টি ট্রাক গাজায় পৌঁছাবে। তাদের মুক্তির মধ্য দিয়ে গাজায় মানবিক ত্রাণ সহায়তা যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে।
হামাস শুক্রবার মা–মেয়েকে মুক্তি দেওয়ার পর তারা ইসরায়েল সীমান্তে পৌঁছে গেছেন বলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।



