ফাঁসির রায় মাথায় নিয়ে কেন দেশে ফিরতে চান শেখ হাসিনা?
রাজনৈতিক স্ট্যান্টবাজি’ নাকি নতুন কোনো কৌশল?

➤ মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়েই বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।
সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে তাঁর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এবং দিল্লিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা একাধিক শীর্ষ আওয়ামী লীগ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের এমন আকস্মিক সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গন ও কূটনৈতিক মহলে নতুন করে নানা সমীকরণ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
আগস্টের আগেই ট্রাভেল পাসের প্রস্তুতি ও দলীয় নির্দেশনা
সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকারী ইউরোপ আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আইনি লড়াই করার মনোভাব ইতিমধ্যে ভারত সরকারকে জানিয়েছেন। এমনকি আগামী ১৫ আগস্টের আগেই তিনি দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কাছে ‘ট্রাভেল পাস’ চাইতে পারেন বলে জানা গেছে।
দলীয় সূত্রের খবর, সম্প্রতি টেলিগ্রামের একটি গ্রুপ কলে যুক্ত হয়ে শেখ হাসিনা নেতাদের বলেন, “আমার এখন যে বয়স, তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারি। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি আমাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও আমার কোনো কষ্ট থাকবে না।”
➤➤ দেশি-বিদেশি ঋণের বোঝায় পিষ্ঠ সরকার
দলীয় প্রধানের এমন বার্তার পর সারা দেশে আত্মগোপনে ও সংকটে থাকা নেতাকর্মীদের প্রস্তুত করতে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরবেন এবং তাঁর ফেরা উপলক্ষ্যে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সরকারের অবস্থান ও কূটনৈতিক নীরবতা
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আইনি তৎপরতা চালানো হচ্ছে। গত ২১ মে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি দেশে এসে মামলা ফেস করেন।
তবে বাংলাদেশ সরকারের এই প্রত্যর্পণ অনুরোধের পর এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া বা মন্তব্য পাওয়া যায়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনাকে নিয়মিত রাজনৈতিক বৈঠক ও নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়ার সুযোগ করে দেওয়া এবং একই সাথে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ চাওয়া—এই দুইয়ের মাঝে এক ধরনের নীরব মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক টানাপোড়েন চলছে।
রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া: ‘কর্মীদের চাঙ্গা করার কৌশল’
আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার বীরদর্পে ফেরার দাবি করলেও দেশের রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখছেন। চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর দলটি চরম অস্তিত্ব সংকটে রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, “ক্ষমতার শেষ ১৫ বছরে মুখের জোরে শেখ হাসিনা টিকে ছিলেন। এখনো মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনো উপাদান দেখছি না।” তিনি এটিকে কর্মীদের মাঠে টিকিয়ে রাখার একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে দেখছেন। তবে একই সাথে তিনি মনে করেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা বর্তমান সরকারেরই দায়িত্ব।

যেসব আইনি জটিলতার মুখোমুখি হতে হবে
গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যার পূর্ণাঙ্গ রায়ে তাঁর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুদকসহ একাধিক হত্যা ও গুমের মামলা বিচারাধীন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে।
➤➤ নেতৃত্বের পুনর্গঠন ও বড় পরিবর্তনের পথে বিএনপি
ফাঁসির আদেশের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ইতিমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেছে। এখন তিনি আপিল করার সুযোগ পাবেন কি না, তা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাজুল ইসলামও শেখ হাসিনার এই ফেরার বার্তাকে একটি পলিটিক্যাল স্ট্যান্টবাজি হিসেবেই মন্তব্য করেছেন।
সব মিলিয়ে, নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধানের এই সম্ভাব্য প্রত্যাবর্তন আদতে কোনো বাস্তবমুখী রাজনৈতিক চাল, নাকি কেবলই কোণঠাসা কর্মীদের মনোবল ধরে রাখার মরিয়া চেষ্টা—তা স্পষ্ট হবে আগামী আগস্টের রাজনৈতিক পরিস্থিতির ওপর।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২৩ মে ২০২৬



