বাংলাদেশ

জনগণকে জিম্মি করে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান ওবায়দুল কাদেরের

আসন্ন পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে অতি লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাশাপাশি অবৈধভাবে পণ্য মজুদদারিতা, সংরক্ষণ এবং যে কোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ)  সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, বাজারে যে কোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নিবেনা এবং প্রশ্রয়ও দিবেনা।

যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযম হওয়ার জন্য আহবান জানান সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এক দেশের ঘটনা প্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে। রাশিয়া, ইউক্রেন সঙ্কটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আশার কথা হল, শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নিরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবন মানের সুরক্ষায় গ্রহণ করেন প্রয়োজনীয় ব্যবস্থা। এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে, এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button