বিশ্ব

যুক্তরাষ্ট্র ১৫৮ মিলিয়ন ডলার দেবে রোহিঙ্গাদের জন্য

বাংলাদেশে আশ্র‍য় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও ১৫৮ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়।

জাতিসংঘের চলমান অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড।

তিনি বলেন, ১৫৮ মিলিয়ন মার্কিন ডলার, রোহিঙ্গা ও আশ্রয়দাতা লোকদের খাদ্য, চিকিৎসাসেবা, সামাজিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, কোভিড-১৯ প্রতিরোধ ইত্যাদি খাতে ব্যয় করা হবে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১৫০ কোটি ডলারে পৌঁছেছে।

এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নয় লাখ রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত পৌনে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে ১২০ কোটি ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে, তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলা ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন।

Related Articles

Leave a Reply

Back to top button