বাড়ল বাংলাদেশের মানুষের গড় আয়ু

বেড়েছে বাংলাদেশের মানুষের গড় আয়ু । ৭২ দশমিক ০৫ বছর থেকে বেড়ে, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে হয়েছে ৭২ দশমিক ৬ বছর।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস’র সম্মেলন কক্ষে এ সংক্রান্ত জরিপের ফলাফল প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।
পরিসংখ্যান ব্যুরোর তত্বাবধানে ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) ৩য় পর্যায়’ প্রকল্পের মাধ্যমে এ জরিপ পরিচালিত হয়।
প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক বলেন, সর্বশেষ ২০১৮ সালের জরিপে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু পাওয়া গিয়েছিল ৭২ দশমিক ০৫ বছর । এবারের জরিপে পুরুষের ক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ১ বছর এবং নারীদের ৭৪ দশমিক ২ বছর হয়েছে। আগের জরিপে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭০ দশমিক ৬ বছর আর নারীদের ৭৩ দশমিক ৫ বছর।



