অন্য খবর

আবারো শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ

চলতি মাসে আবারও সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) এ ব্যাট-বল হাতে মাঠে নামছেন বিনোদন জগতের তারকারা।

স্থগিত ঘোষণার দুই দিন পর মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট ও টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

জি নেক্সটের সদস্য অর্নিল হাসান রাতে গণমাধ্যমকে বলেন, ‘জি নেক্সটের তরফ থেকে আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।’

অর্নিল হাসান জানান, গ্রুপ পর্বের খেলা যেখান থেকে স্থগিত হয়েছে, সেখানেই শুরু হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ভিডিও ফুটেজ দেখে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কারও দ্বিমত নেই।

এর আগে, গত শুক্রবার রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার পরদিন শনিবার সংবাদ সম্মেলন করে লিগ স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Back to top button