বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক বলে উল্লেখ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বিদায়ী সাক্ষাৎ করতে গেলে ওবায়দুল কাদের সচিবালয়ে তার কার্যালয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।’
ওবায়দুল কাদের আরো বলেন, দুই দেশের সরকার এবং পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী পদক্ষেপ নিয়েছেন। ২১ বছর দুই দেশের মধ্যে সম্পর্কের যেই কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই।’
দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন, ‘দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।’
বিদায়বেলায় বাংলাদেশকে অনেক মিস করবেন বলেও জানান ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।



