বাংলাদেশ

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি বলছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর বাংলাদেশে এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। দেশে বন্যার পানি এখনও বাড়ছে, তা আগামী মাসের আগে কমবে এমন সম্ভাবনাও কম।

স্থানীয় সময় মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ওসিএইচএ জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশে এখন পর্যন্ত ১৮টি জেলার ২৪ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অন্তত ৫৬ হাজার মানুষ। দেশে বন্যার প্রভাবে এ পর্যন্ত অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর বন্যায় প্রায় সাড়ে পাঁচ লাখ বাড়িঘর প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ ও বাঁধের মতো বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোগুলো। বন্যায় ভুক্তভোগীদের জরুরি খাবার, পানি বিশুদ্ধকরণ সুবিধা, নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য কিট, জরুরি আশ্রয়ের মতো বিষয়গুলোতে সরকারকে সহায়তা করছে জাতিসংঘ ও মানবিক সহায়তাকারীরা।

বাংলাদেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ তহবিলে কথাও উল্লেখ্য করেন সংস্থাটি। তারা বলছে, বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সহায়তার জন্য সম্প্রতি জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে প্রাথমিকভাবে ৫২ লাখ মার্কিন ডলারের তহবিল দিয়েছে সংস্থাটির সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)। এ তহবিলের মাধ্যমে অংশীদারদের সহায়তায় গত ১১ জুলাই থেকে দুর্গতদের কৃষিজাত সরঞ্জাম সুরক্ষায় সিলযোগ্য ড্রাম সরবরাহ, স্বাস্থ্য ও পরিচছন্নতা উপকরণ, নগদ অর্থ বিতরণের মতো প্রাথমিক সাহায্য দেয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী পুনরুদ্ধার প্রতিক্রিয়া এবং তার সঙ্গে করোনাভাইরাস মহামারির কারণে বন্যায় সহায়তা ও পুনরুদ্ধার চেষ্টা আরও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

Related Articles

Leave a Reply

Back to top button