বাংলাদেশ

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) নির্বাহী বোর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে।

শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২১০তম সভায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এই প্রথম বঙ্গবন্ধুর নামে কোনো আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হলো। এটা সমগ্র জাতির জন্য গর্বের বিষয়।’

তিনি জানান, আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ‌্য ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক এ আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি বা সংস্থাকে দেয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১২ নভেম্বর ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের সভা হবে। এতে অংশ নেওয়ার জন্য ইউনেস্কোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উচ্চ পর্যায়ের সভায় অংশ নেওয়ার মধ‌্যে দিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বিশ্বজনীন আদর্শ তুলে ধরবেন।

সেসঙ্গে জাতিসংঘের গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সর্বজনীন, মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং সুস্থ ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চার গুরুত্বের বিষয়ে নিজস্ব চিন্তা ও এ বিষয়ে বাংলাদেশের অর্জনগুলো প্রধানমন্ত্রী বিশ্বের সামনে তুলে ধরবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button