বিশ্ব

বিশ্বের ১১ দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স, ডব্লিউএইচও’র সতর্কতা

বিশ্বের ১১ দেশে প্রায় ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার এ কথা জানায় ডব্লিউএইচও। খবরঃ বিবিসি’র।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স শনাক্ত দিন দিন আরো বাড়বে বলে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সন্দেহভাজন আরও ৫০ জনের মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে সন্দেহভাজন এসব মাঙ্কিপক্স রোগী কোন কোন দেশের তা জানানো হয়নি।

ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয় যুক্তরাজ্যে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার পশ্চিমা ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, এ পর্যন্ত ১১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। সাম্প্রতিক এ প্রাদুর্ভাব অস্বাভাবিক, কারণ এমন কিছু দেশে রোগটি প্রাদুর্ভাব ছড়াচ্ছে যা আগে দেখা যায়নি।

ডব্লিউএইচও আরো জানিয়েছে, যারা আক্রান্ত হতে পারে তাদের শনাক্ত ও সাহায্য এবং রোগটি নিয়ে নজরদারি বাড়াতে আক্রান্ত দেশ ও অন্যদের সঙ্গে কাজ করছে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button