বাংলাদেশ

দেশের ৬২টি পৌরসভায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের ভোটগ্রহণ। দেশের ৬২টি পৌরসভায়, ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপে ৬৪ পৌরসভায় ভোটের তফসিল হলেও ভোট হচ্ছে ৬২ পৌরসভায়। এক প্রার্থীর মৃত্যুর পর ত্রিশাল পৌর ভোট চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি নেওয়া হবে। আর কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোটের প্রয়োজন হচ্ছে না।

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ইতোমধ্যে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। ভোটের দিন চার স্তরের নিরাপত্তা থাকবে। এসব পৌরসভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মোট পাঁচ দিনের জন্য বিশেষ দায়িত্বে থাকবেন। নির্বাচনের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকাগুলোয় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। আগামী রোববার (৩১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১২টা থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে লঞ্চ, ইঞ্জিলচালিত সবধরনের নৌ-যান ও স্পিডবোট বন্ধ থাকবে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা ভোটাররা চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল করতে পারবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৬৩টি পৌরসভায় মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতিমধ্যে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এর মধ্যে কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

যে ৬৩টি পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- দিনাজপুরের হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, কুড়িগ্রামের উলিপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার ধুনট, শিবগঞ্জ, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নওগাঁর সদর ও ধামইরহাট, রাজশাহীর মুন্ডুমালা ও কেশরহাট, নাটোরের সিংড়া, পাবনা সদর, চুয়াডাঙ্গার সদর ও দর্শনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর, যশোরের মনিরামপুর, নড়াইলের সদর ও কালিয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কলারোয়া, বরগুনার সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠী, টাঙ্গাইলের সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ী, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার দূর্গাপুর, কিশোরগঞ্জের কটিয়াদী, মুন্সীগঞ্জের সদর, রাজবাড়ীর পাংশা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা, সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, মৌলভীবাজারের সদর, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর সদর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ।

Related Articles

Leave a Reply

Back to top button