নেতৃত্বের পুনর্গঠন ও বড় পরিবর্তনের পথে বিএনপি
★ ডিসেম্বরে বিএনপির সপ্তম কাউন্সিল

➤ চলতি বছর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠনের পর এখন সংগঠনকে দীর্ঘমেয়াদি ও শক্তিশালী কাঠামোয় রূপ দিতে চাইছে বিএনপি। ক্ষমতা গ্রহণের পর অনেক জেলা ও উপজেলায় দলটির সাংগঠনিক অবস্থা স্থবির হয়ে পড়ায় বর্তমানে এক নাজুক পরিস্থিতি বিরাজ করছে।
দলের এই অগোছালো অবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংগঠনিক কাঠামোকে কার্যকর ও গতিশীল করতে বিএনপি এখন বড় ধরনের পরিবর্তন ও পুনর্গঠনের পথে হাঁটছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শীর্ষ পর্যায়ে এই বিষয়ে বিস্তৃত পরিকল্পনা চলছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্বের শূন্যতা পূরণ, স্পষ্ট দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নতুন নেতা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে দলের জাতীয় কাউন্সিল করার জোর প্রস্তুতি চলছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই কাউন্সিলের মাধ্যমেই কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও পুনর্গঠন করা হবে। মূলত এই পুনর্গঠনই আগামী ১০ বছরের জন্য বিএনপির নেতৃত্ব কাঠামো নির্ধারণ করে দেবে।
➤➤ সংবিধান নিয়ে মুখোমুখি: কোন পথে দেশের রাজনীতি?
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত ১০ বছরে আর কোনো কাউন্সিল হয়নি। তবে এবারের কাউন্সিলের আগেই শূন্য পদগুলোতে যাদের স্থান হতে পারে, ইতিমধ্যে তাদেরকে সারাদেশে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই কাউন্সিলের মাধ্যমে মাঠ পর্যায়ে দলকে পুরোপুরি গুছিয়ে ফেলা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ এবং সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বা কম সক্রিয় নেতাদের বদলে মাঠপর্যায়ে দক্ষ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নেতাদের সামনে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নেওয়া হয়েছে প্রতিটি অঞ্চলে শক্তিশালী নেতৃত্ব বসানোর কৌশল। বিশেষ করে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন, তারা পদায়নে অগ্রাধিকার পাবেন।
➤➤ সংরক্ষিত নারী এমপিদের শপথ রোববার
ভাইস চেয়ারম্যান পদে বেশ কিছু নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। নীতিনির্ধারণী পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ নেতাদের জায়গা করে দেওয়ার পাশাপাশি উপদেষ্টা পরিষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হতে পারে যারা সঠিক নীতিগত দিকনির্দেশনা দিতে সক্ষম। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। বর্তমান সদস্যদের পাশাপাশি নতুন কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে সেখানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বয়স ও স্বাস্থ্যগত কারণে বর্তমানে সক্রিয় নন। চেয়ারম্যান তারেক রহমান অভিজ্ঞতা বজায় রেখে নতুন নেতৃত্বকে জায়গা দিয়ে স্থায়ী কমিটিকে আরও কার্যকর করতে চাইছেন।

এই ফোরামে নতুন সম্ভাব্য মুখ হিসেবে আব্দুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, রুহুল কবির রিজভী আহমেদ, ইসমাইল জবিউল্লাহ এবং অ্যাডভোকেট জয়নাল আবেদিনের নাম আলোচনায় রয়েছে।
এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলে থাকা অবস্থায় নেতাকর্মীরা রাজপথে আন্দোলন নিয়ে ব্যস্ত থাকায় গত ১০ বছর কাউন্সিল করা সম্ভব হয়নি। তবে এবার আগামী ডিসেম্বরকে সামনে রেখেই কাউন্সিলের যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এই সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করা এবং নতুন নেতৃত্ব তুলে আনার ওপর জোর দিচ্ছে দলটি।
➤➤ বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থী চূড়ান্ত
দলীয় নেতাদের মতে, এই পুনর্গঠন কেবল পদ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে একটি সামগ্রিক সাংগঠনিক সংস্কার প্রক্রিয়া যেখানে নেতৃত্বের জবাবদিহিতা এবং কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তবে তার বয়স ও স্বাস্থ্য বিবেচনায় ধীরে ধীরে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে দলের ভেতর আলোচনা চলছে। যদিও এই পদে পরিবর্তন আসবে কি না তা এখনো চূড়ান্ত নয়, তবুও বেশ কয়েকজনের নাম আলোচনায় আছে।

মহাসচিব পদে পরিবর্তন এলে এমন কাউকে আনা হবে যিনি সরকার ও দল উভয় ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারবেন। এই পদের জন্য সম্ভাব্য তালিকার মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং পানিসম্পদমন্ত্রী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এ ছাড়া এবারের কাউন্সিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
➤➤ দেশে এসে পরিবারের প্রতারণায় নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা
বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই উদ্যোগ সফল হলে দলটি মাঠপর্যায়ে নতুন করে শক্তি সঞ্চয় করতে পারবে। তবে এর জন্য সঠিক নেতৃত্ব নির্বাচন এবং অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণ করা জরুরি।
কাউন্সিল প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কাউন্সিল আরও আগেই হওয়া উচিত ছিল। বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এখন ডিসেম্বরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান , কাউন্সিলের সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য নতুন পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ০৩ মে ২০২৬



