প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের সঙ্গে বসবেন শনিবার

চা বাগান মালিকদের সঙ্গে আগামী শনিবার (২৭ আগস্ট) সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা।
গত কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা ছাড়া প্রশাসনের কর্মকর্তারাও নানান আশ্বাস দিলেও কাজে ফেরেনি চা বাগানের শ্রমিকরা।
চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।
এদিকে আজ ধর্মঘটের ১৩তম দিনেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে।



