প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বিএনপি নেতাদের ‘দৌড়’ প্রতিযোগিতা!
দলীয় নেতাকর্মী থেকে শুরু করে খোদ প্রতিমন্ত্রীর দৌড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও ট্রলের।

➤ দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরেছে বিএনপি, আর ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন দলের চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উচ্ছ্বাসের মধ্যেই দলের ভেতরে শুরু হয়েছে এক নতুন ও দৃষ্টিকটু প্রতিযোগিতা—দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর নজরে আসার চেষ্টা।
সম্প্রতি প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে বা সামনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে খোদ প্রতিমন্ত্রীর দৌড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও ট্রলের।
রাজনৈতিক দৃশ্যপটে বর্তমানে আওয়ামী লীগ অনেকটা নিষ্ক্রিয় এবং জামায়াতে ইসলামীকেও বিএনপি নিজেদের বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে না। ফলে নেতাদের মনোযোগ এখন শুধুই দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণের দিকে।
দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তার চারপাশের কঠোর নিরাপত্তাবলয় কিছুটা শিথিল করার চেষ্টা করেছেন। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে নেতাকর্মীরা তার গাড়িবহরের কাছাকাছি যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন।
➤➤ নেতৃত্বের পুনর্গঠন ও বড় পরিবর্তনের পথে বিএনপি
যেসব নেতাকে গাড়িবহরের পাশে দৌড়াতে দেখা গেছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর গাড়িবহরের আশপাশে দৌড়ে আলোচনায় আসা উল্লেখযোগ্য নেতারা হলেন:
রাকিবুল ইসলাম রাকিব (সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল):
গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলার উদ্বোধনে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় তাকে গাড়িবহরের পাশে দৌড়ে অভিবাদন জানাতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে তিনি ফেসবুকে দাবি করেন, অন্য কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি মাত্র ৫-৭ সেকেন্ড দৌড়েছিলেন এবং গণমাধ্যম তিন ঘণ্টার কর্মসূচির মাত্র ১০ সেকেন্ড নিয়ে নেতিবাচক সংবাদ করেছে।
মো. আবিদুল ইসলাম খান (সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল):
১২ মে প্রধানমন্ত্রী ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আবিদুল ইসলামকেও গাড়িবহরের পাশে দৌড়াতে দেখা যায়। সমালোচনার মুখে তিনি ফেসবুক লাইভে এসে দাবি করেন, যানজটে পিছিয়ে পড়ায় দ্রুত সামনের দিকে এগোতেই তিনি দৌড়েছিলেন।

রবিউল ইসলাম নয়ন (যুবদল নেতা):
১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের সময় কাকরাইল মোড়ে তাকে একটি প্রটোকল গাড়ির সামনে দৌড়াতে দেখা যায়। দৌড়ানোর সময় তিনি ক্রমাগত স্লোগান দিচ্ছিলেন এবং সালাম জানাচ্ছিলেন।
ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য):
সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। ১৬ মে টিকাটুলী এলাকায় প্রধানমন্ত্রীর বাসের সামনে দৌড়ে আলোচনায় আসেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার সুযোগ থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর প্রকাশ্যে এমন আনুগত্য প্রদর্শন নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক প্রশ্ন উঠেছে। এ ঘটনার পর থেকে তিনি গণমাধ্যম এড়িয়ে চলছেন।
দলের ভেতরের প্রতিক্রিয়া ও সমালোচনা
নেতাকর্মীদের এমন আচরণের বিষয়ে ছাত্রদল সভাপতি রাকিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির দাবি—তারা মূলত দলীয় প্রধানের নিরাপত্তার জন্যই এমনটা করছেন। তবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর মতো রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা থাকার পরও কেন দলীয় নেতাকর্মীদের এই দায়িত্ব নিতে হবে, তার কোনো সদুত্তর তারা দিতে পারেননি।
বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের মতে, দলীয় চেয়ারম্যান রাস্তায় থাকলে নেতাকর্মীরা তাকে ঘিরে থাকবেন, এটাই স্বাভাবিক। তবে ব্যক্তিগত আলাপচারিতায় বিএনপির একাধিক নীতিনির্ধারক ও সিনিয়র নেতা একে ‘রাজনৈতিক উন্মাদনা’ ও ‘ব্যক্তিগত রাজনৈতিক মোহ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
➤➤ বিএনপিতে কে হচ্ছেন মির্জা ফখরুলের উত্তরসূরি
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার মতে, “আদর্শ ও জনকল্যাণের বদলে নেতারা রাজনীতিকে সস্তা প্রদর্শনীতে পরিণত করছেন। ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার কৌশল হিসেবে করা এসব আচরণ আখেরে দলের ভাবমূর্তিকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।”
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ২৩ মে ২০২৬



