পাঁচ দিনের চেষ্টায়ও বাঁচানো গেল না শিশু রায়ানকে

টানা পাঁচদিন চেষ্টা করেও বাঁচানো গেলো মরক্কোর পাঁচ বছরের ছোট্ট শিশু রায়ানকে। গত মঙ্গলবার শিশুটি ১০০ ফুট গভীর একটি কূপের মধ্যে পড়ে যায়। এরপর থেকে তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায় দেশটির উদ্ধারকর্মীরা। সবার ধারণা ও প্রত্যাশা ছিল শিশু রায়ান বেঁচে ফিরবে। কিন্তু স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। [ সূত্র: রয়টার্স, আল-জাজিরা ]
শিশু রায়ানের কূপে পড়ে যাওয়ার ঘটনা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। অনেকে হ্যাশট্যাগও চালু করেন তার নামে। প্রার্থনা করারও আহ্বান জানান কেউ কেউ।
শনিবার রাতে যখন শিশুটিকে উদ্ধার করা হয় তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু তার আগেই শিশুটি মারা গিয়েছিলো। এ ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রায়ানের বাবা জানান, তিনি কূপটি মেরামত করছিলেন। এসময় ছেলে তার সঙ্গে ছিল। তিনি বলেন, রায়ান ঠিক আমার পাশেই ছিল। সে যে কখন পড়ে গেছে, বুঝতেই পারেননি।

কয়েক শ মানুষ ভিড় জমায় রায়ানকে উদ্ধারের অভিযান দেখতে। এমনকি অনলাইনেও সার্বক্ষণিক আপডেট দেয়া হতে থাকে উদ্ধারকাজের। সেখানেও হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখছিলেন ভিডিওতে।
শিশুটি জীবিত আছে কি-না, সে জন্য কুয়ার ভেতরে নামানো হয়েছিল অত্যাধুনিক ক্যামেরা। তখন দেখা যায়, রায়ান জীবিত। তবে মাথায় কিছুটা আঘাত পেয়েছে বলে ধারণা করা হয়। উদ্ধারকর্মীরা ভেতরে দড়ি দিয়ে অক্সিজেন মাস্ক, খাবার ও পানি পাঠান। তবে সে কিছু খেয়েছিল কি-না, জানা যায়নি। এমনকি শিশুটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বেশ বাধার মুখে পড়েন তারা। কূপের মুখ দিয়ে প্রবেশ করে শিশুটির কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। কারণ, মাটিতে পাথর ও বালুর সংমিশ্রণ ছিল। সংকীর্ণ মুখে খোঁড়াখুঁড়ি বিপজ্জনক হয়ে উঠেছিল। যেকোনো সময় মাটি ধসে আরও ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ছিল। পরে ভিন্ন কৌশলে শিশুটিকে উদ্ধারের পথ বেছে নেন উদ্ধারকর্মীরা। কূপটির কাছে বুলডোজার দিয়ে খোঁড়া হয় নালা। সেটি ব্যবহার করে আড়াআড়িভাবে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। অবশেষে শনিবার সন্ধ্যায় তার কাছে পৌঁছতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। কিন্তু ততক্ষণে রায়ান আর বেঁচে নেই।



