ভূরাজনীতি

খালেদা জিয়া কোথায় টিকা নেবেন, সিদ্ধান্ত সরকারের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রবিবার কিংবা সোমবার করোনা ভাইরাসের টিকা পেতে পারেন। তবে তিনি বাসাতে থেকেই টিকা নেবেন, নাকি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেবে, সেটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বেগম জিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। কিন্তু তিনি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন কি না, নাকি তাঁকে বাসাতেই টিকা নিতে হবে সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কারণ শর্তসাপেক্ষে মুক্ত বেগম জিয়ার বাড়ির বাইরে বের হওয়ার বিষয়টি নির্ভর করছে সরকারের ইচ্ছা ও অনুমতি অনুযায়ী।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা, জাহিদ হোসেন বলেছেন, ‘এখনও আমরা ম্যাডামের টিকা নেয়ার এসএমএস পাইনি। আশা করি আগামী রবিবার বা সোমবারের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন।’

বিএনপিপন্থি একজন চিকিৎসক বলেছেন, ‘ম্যাডাম যখন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তখন তাঁর গাড়ি বহরের আগে-পিছে পুলিশ ছিল। এখনও সরকার যদি মনে করে তাঁকে হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে, তাহলে সেই ব্যবস্থা করবে। আর তারা যদি মনে করে গুলশানের বাসভবন ফিরোজায় এসে টিকা দিয়ে যাবে, তাহলে সেটাই হবে। আমাদের কাজ নিবন্ধন করা, সেটা করেছি। এখন কিভাবে সরকার তাঁকে টিকা দেবে সেটা তাদের ওপর নির্ভর করছে।’

গত ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

নিবন্ধন ফরমে উল্লিখিত মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে টিকা দেয়ার তারিখ জানানো হয়। তবে এখন পর্যন্ত ওই এসএমএস খালেদা জিয়া পাননি বলে জানা গেছে।

৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এরইমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ৫৪ দিন চিকিৎসাধীন থেকে গত ১৯ জুন রাতে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেন।

Related Articles

Leave a Reply

Back to top button