দ্বিতীয়বারও মেয়ে হওয়ায় স্ত্রী-সন্তানকে ফেলে দিলেন কুয়ায়

দ্বিতীয়বারও মেয়ে সন্তানের জন্ম দেয়ায় স্ত্রী ও দুই মেয়েকে কুয়ায় ফেলে দিয়েছেন সন্তানদের পিতা। এ ঘটনায় বড় মেয়ের (৮) মৃত্যু হয়। রোববার (৬ জুন) ভারতের মধ্য প্রদেশের ছত্তরপুর জেলায় এ ঘটনা ঘটে। [খবর : এনডিটিভি ]
চান্দলা পুলিশ স্টেশেনের এসআই রাজেন্দ্র সিং এনডিটিভিকে জানিয়েছেন, ‘তিন মাস আগে রাজা বাইয়া জাদব নামের ওই ব্যক্তির (৪২) স্ত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেন। তাদের আগেও ৮ বছরের আরেকটি মেয়ে রয়েছে। রোববার তিনি শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-মেয়েদের আনতে যান। পথে পাদই গ্রামে একটি কুয়ার কাছে মোটরসাইকেল থামান। এরপর তিনি স্ত্রী ও দুই মেয়েকে কুয়ায় ফেলে দেন।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজার স্ত্রী কুয়া থেকে ওঠার চেষ্টা করলে তিনি তাদের ওপর পাথর ছুড়ে মারেন। এতে তাদের বড় মেয়ের মৃত্যু হয়। পরে স্ত্রী ও ছোট মেয়ের কান্না শুনে গ্রামবাসী কুয়া থেকে তাদের উদ্ধার করেন।’
তিনি বলেন, ‘তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, আবারও মেয়ে হওয়ায় রাজা তার ওপর রেগে এ ঘটনা ঘটিয়েছে।’
পুলিশ জানান, ‘এ ঘটনার পর অভিযুক্ত রাজা পালিয়ে যান। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’



