বাংলাদেশ

দেশের ১১ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

দেশের ১০ নদ-নদীর ১৫টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে ১১ জেলায় বন্যা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে। এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, নদ-নদীর পানি বৃদ্ধির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরমধ্যে অব্যাহত বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপরে বইছে।

এরই মধ্যে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেইট। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমান বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে নদী ও হাওরে পানি অস্বাভাবিকহারে বাড়ছে।

এরই মধ্যে ১১ উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

যে ১১ জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে সেগুলো হলো: নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, নাটোর, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা।

এ দিকে অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।

বন্যা পূর্বাভাসে বলা হয়, উজানের ভারী বৃষ্টি ও পর্বত থেকে বরফ গলা পানি নিচে নেমে আসার কারণে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে। কুড়িগ্রামে ধরলার পানি ইতোমধ্যেই বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী ডালিয়ায় ১২ সেন্টিমিটার এবং কাউনিয়ায় বিপদসীমার ১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য দিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র বেগে বৃষ্টির পানি নিচে নেমে আসার কারণে ওই অঞ্চলের সাঙ্গু, হালদা ও মাতামহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, ৮ জুলাই থেকে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে যাওয়ার কারণে উজানে ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তার লাভ করায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ১৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে। উজানের বৃষ্টিপাত পরিস্থিতির ওপর নির্ভর করে নদী অববাহিকার বন্যা পরিস্থিতি এ মাসের চতুর্থ সপ্তাহ অর্থাৎ এ মাসের শেষ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button