ভূরাজনীতি
দেশব্যাপী বিএনপির মানববন্ধন আজ

সারাদেশে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশে মহানগর ও জেলা শহরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১১ মার্চ) বিএনপি মানববন্ধন করবে। এই কর্মসূচি বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ পর্যন্ত চলবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপিসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মানববন্ধন শুরু হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ ছড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও বক্তব্য দেবেন।
ঢাকা মহানগর উত্তরের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন যোগ দেবেন। বেলা ১১ টার দিকে উত্তর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি।
এদিকে, গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংকের বিপরীত দিক থেকে শুরু করবে মানববন্ধন। একই সময়ে ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্স সামনে, গণফোরাম মতিঝিল অফিস সামনে নটরডেম কলেজ উল্টো দিকে, সম্মিলিত পেশাজীবী পরিষদ নটরডেম কলেজ সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে, এলডিপি বেলা ৩ টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন কার্যালয়ের সামনে মানববন্ধন করবে।


