বাংলাদেশ

সংসদ অধিবেশন শুরু, বৃহস্পতিবার বাজেট

শুরু হয়েছে জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন।

বুধবার (০২ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।

এ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন।

আর এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আঘাত করেছে, শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন)। করোনার এই উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

প্রস্তুতির মধ্যে রয়েছে, এমপি-মন্ত্রীদের তিন দিন পরপর করোনা টেস্ট করা, অধিবেশন সংশ্লিষ্ট সাংবাদিকসহ সবারই করোনা টেস্ট বাধ্যতামূলক করা এবং যারা অধিবেশন কক্ষে থাকবেন তাদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা।

করোনা মহামারির এসময়ে এবারও এ অধিবেশনের মেয়াদ স্বল্প সময়ের হওয়ার কথা রয়েছে। ২ জুন শুরু হয়ে মুলতবি দিয়ে দিয়ে ৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে। আর সংক্ষিপ্ত আলোচনার পর বাজেট নিয়ম অনুযায়ি ৩০ জুনের মধ্যে পাস করা হবে। এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার উপরে।

 

Related Articles

Leave a Reply

Back to top button