বাংলাদেশ

তিন দিন পর সচল হলো ফেসবুক

টানা তিন দিন পর স্বাভাবিক হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার পর থেকে সহজেই প্রবেশ করা যাচ্ছে ফেসবুকে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক সম্পূর্ণভাবে খুলে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এটি সাময়িকভাবে ডাউন ছিল।

গত ২৬ মার্চ বিকেল থেকে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। ওই দিন থেকে ব্যবহারকারীরা ফেসবুক লগইন করতে সমস্যায় পড়েন, সেই সাথে বার্তা আদান-প্রদানেও সমস্যা হয়।

এর আগে বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সীমিত সেবার বিষয়ে আমেরিকান টেক জায়ান্ট ফেসবুক এক বিবৃতি দেয়।

বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার প্রেক্ষিতে ফেসবুকের সেবা সীমিত করে রাখা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, ফেসবুক ও মেসেঞ্জরের সেবা বিপর্যয় নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। তবে বিক্ষোভ ঠেকাতে সেখানে এর আগেও ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button