বাংলাদেশ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ শুরু

সাহারা খাতুন ও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। এর আগে বুধবার ভোট কেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

তবে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীরা। অপরদিকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সিরাজগঞ্জ-১ আসনে লড়ছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন।

তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মহিববুল্লা বাহার।

 

Related Articles

Leave a Reply

Back to top button