নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে ১১ জেব্রার মৃত্যু

তদন্ত কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ার সংক্রমণে ১১ জেব্রার মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বলেন, এ ঘটনায় কমিটির সুপারিশ অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, যে ঘাস দেওয়া হয় সেটার মধ্যে অতিরিক্ত নাইট্রেট পাওয়া গেছে। এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এর কারণেই জেব্রাগুলো মারা গেছে। সাধারণত ঘাসে ইউরিয়া সার দেওয়া হয়। এটা ছিঁটানোর সঙ্গে সঙ্গে পশুকে খেতে দিলে এমন হতে পারে। দেওয়ার একটি সময় আছে। তিন, চার বা ছয় সপ্তাহ পরে ঘাস দেওয়া হলে পশু আক্রান্ত হয় না। এক বা দু সপ্তাহের মধ্যে দেওয়া হলে এটা হতে পারে।
তিনি আরও বলেন, প্রথম দিকে তিনটি জেব্রার মৃত্যু ধামাচাপা দিতে এগুলোর পেট কাটা হয়েছে। কে বা কারা তা করেছে বিষয়টি বের করে আনতে নিবিড় তদন্তের কথা বলেছে কমিটি।
মন্ত্রী বলেন, এতগুলো জেব্রার অস্বাভাবিক মৃত্যুর পরও জরুরিভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা আহ্বান করা হয়নি; যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বহীনতার শামিল।
এমনকি কোনো প্রাণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জিডি করার প্রচলন থাকলেও এক্ষেত্রে থানায় কোনো জিডি করা হয়নি। বিষয়টিকে রহস্যজনক বলে উল্লেখ করেছেন তিনি।
তদন্ত কমিটি প্রতিবেদনে সাফারি পার্কের উন্নয়নে, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ২৪টি সুপারিশ করেছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।



