স্বাস্থ্যখাতে বেহাল দশা: রিজভী

বিএনপির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জনস্বাস্থ্য নিয়ে এ সরকার এখন পর্যন্ত কিছুই করেনি।
দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, “করোন ভাইরাস বাংলাদেশে এখন তীব্রমাত্রা লাভ করেছে। ঢাকাসহ সারাদেশর ২০ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের থাবা লক্ষ্য করা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ ঘন্টায় দেশের ১০টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৫জন। এমন হিসাব প্রায় প্রতিদিনের। জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি। সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে তাহলে স্বাস্থ্যে খাতের এত বেহাল দশা কেন। হাসপাতালে নেই কোন আধুনিক সরঞ্জামাদি। পরীক্ষা করতে নেই সামগ্রী, রোগ ডায়ানোসিসের কোন ব্যবস্থা নেই, তেমন কোন আইসিউ নেই, ১৭ কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র ১৭শ। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই।”
তিনি বলেন “বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। লাশ পড়ে থাকছে পথে ঘাটে। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।”
রিজভী আরো অভিযোগ করেন “যখন থেকে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হয়েছে সরকার তখন থেকেই কোন পদক্ষেপ নেয়নি বলেই মেডিকেল সেক্টরে করোনা ভাইরাস প্রতিরোধর কোন ব্যবস্থা নিতে পারছে না। এরই মধ্যে দেশজুড়ে ভযাবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র মানুষরা সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে নিপতিত হয়েছে। সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্য সামগ্রি পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায়।”
অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানান তিনি।
নিজেদের দলীয় অবস্থান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন,“বিশব্যাপি করোনা ভাইরাসের মহাদুর্বিপাকের মধ্যেও বিএনপি নেতা-কর্মীদের সরকারি নির্যাতন থেমে নেই। বরং তা আরও তীব্র আকার ধারণ করেছে। বগুড়া জেলাধীন সোনাতলা উপজেলায় গত ১৯শে মার্চের ঘটনা দেখিয়ে ৬ এপ্রিল বিএনপি নেতাকর্মীদের নামে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সোনাতলা বিএনপি নেতা আব্দুল আজিজ হীরা, আহসানুল হাবিব রাজা, আহসানুল মোমিন সোহেলসহ ১৮১জনের নামে উক্ত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারি প্রতিহিংসা কোন পরিস্থিতিতেই নিবৃত হয় না। এরা গোটা জাতিকে মুমুর্ষ করে হলেও বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসুচি থেকে বিরত থাকবেনা। সরকার এ মহাদুর্যোগের মধ্যেও বিএনপি বিনাশের সর্বনাসা কর্মসুচি অব্যাহত রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সোনাতলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এ নজিরিবিহীন মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অবিলম্বে মামলা তুলে নেয়ার দাবিও জানান তিনি।
তারেক রহমানের ফেসবুক একাউন্ট নেই। এমন তথ্য জানিয়ে রিজভী বলেন “আমরা দুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফেসবুক একাউন্ট নেই মর্মে দলের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছিল। আমরা আবারও বলছি জনাব তারেক রহমানের কোন ফেসবুক একাউন্ট নেই। এরই সঙ্গে আমার আরও জানচ্ছি যে,বিভিন্ন ইমেইল এড্রেস থেকে প্রতারনামূলক মেইল পাঠানো হয়েছে যা সম্পূর্ণরুপে মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে জনাব তারেক রহমানের কোন সম্পৃক্তা নেই। কোন প্রতারক চক্র ভূয়া ইমেইল একাউন্ট খুলে প্রতারনা করছে। দেশবাসীসহ বিএনপি নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”
পবিত্র শবেবরাত পালনের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন “আজ দিবাগত রাতে উদযাপিত হবে সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের জন্য এ রাতটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ রহমত ও ক্ষমা দান করেন। শবেবরাত রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানরা নফল ইবাদতের মাধ্যমে শবেবরাত পালন করেন। তবে এবারের বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে শবেবরাতের রাতে মসজিদ, কবরস্থান ও মাজারে যেখানে বেশি জনসমাগম হয় সেখানে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমরা মুসলিম ভাইদের অনুরোধ করব তারা যেন মসজিদের জামাতে নামাজ না পড়ে বাড়িতে নামাজ আদায় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানায় আন্তরিক মোবারকবাদ। আল্লাহ বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে রক্ষা করেন।’’



