গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিএনপি কৃত্রিম বাধা: কাদের

গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। গণতন্ত্রকে এগিয়ে নিতে তারাই কৃত্রিম বাধা তৈরি করছে।’
সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমতো রচনা করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনাবিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই।
সেতুমন্ত্রী বলেন, কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারি, কারা এ দেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল, তা নতুন প্রজন্ম জানতে পারছে বলে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।



